মালদা শহরের আম বাজার এলাকায় জেলা রেগুলেটর মার্কেটে সবজি ও কলা ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল সোমবার রাত্রে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। এদিন কালীপুজো উপলক্ষে কলা ও সবজি ব্যবসায়ীদের পক্ষ থেকে এক বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। এদিন পাঁচ শতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তার পাশাপাশি মালদা শহরের রথবাড়ি এলাকায় মুকুন্দলাল সাহা পৌর বাজারের কালী পূজারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা।

