অশনি নিয়ে চিন্তায় মালদার আমচাষ।

অশনি নিয়ে চিন্তায় মালদার আমচাষ। আবহাওয়ার উপর তীক্ষ্ণ নজর রেখেছে জেলা উদ্যানপালন বিভাগ। এনিয়ে আমচাষিদের সতর্কও করে দেওয়া হয়েছে। এবার এমনিতেই আবহাওয়ার জন্য জেলায় আমের ফলন ব্যাপক মার খেতে চলেছে। সরকারিভাবে বলা হচ্ছে, খুব বেশি হলে এবার মালদা জেলায় এক লক্ষ ৭৫ হাজার টন আম উৎপন্ন হতে পারে। ফলে এবার জেলার আম খেতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে জেলাবাসীকে।
বঙ্গোপসাগরে উৎপন্ন অশনি এই জেলায় কতটা ধাক্কা মারতে পারে তা নিয়ে এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ করছেন উদ্যানপালন দপ্তরের কর্তারা। দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক জানাচ্ছেন, ‘শীত দীর্ঘকালীন হওয়ায় এবার এমনিতেই এই জেলায় আমের উৎপাদন অনেক কম হওয়ার সম্ভাবনা। তার উপর বঙ্গোপসাগরে উৎপন্ন অশনি আমচাষে কতটা প্রভাব ফেলতে পারে তা আমরা পর্যবেক্ষণ করে দেখছি। তবে মূলত উপকূলবর্তী এলাকাগুলিতেই অশনির প্রভাব পড়বে। আমরা আম সহ সমস্ত ফল ও সবজিচাষিদের এনিয়ে সতর্ক করে দিয়েছি। আগামী ২০-২৫ দিনের মধ্যেই জেলার আম বাজারে চলে আসবে। তাই এখন প্রবল ঝড় না হলে আম গাছ থেকে পড়বে না।’
সামন্তবাবু আরও বলেন, ‘জেলায় ৩১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমচাষ হয়। এবার শীত বেশিদিন থাকায় আমের উৎপাদন কম হয়েছে। মুকুলের থেকে পাতা বেশি গজিয়ে গিয়েছে। তার উপর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রথম দফায় প্রায় ৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় প্রায় ৯.৫ শতাংশ ফসল নষ্ট হয়েছে। তাই এবার যে পরিমাণ আম উৎপন্ন হবে, তার দাম বেশি হবে। কারণ, জোগান কম থাকলে দাম বাড়বে। তাই এবার আমের দাম বাড়বেই।’