সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন সকাল সকাল, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে কিছুটা স্বস্তি খুদে পড়ুয়াদের,
মলয় দে নদীয়া:- গতকাল রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন শুরু হলো সকাল থেকেই। শিক্ষক শিক্ষিকারা জানান অভিবাবকদের নিয়ে তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফোন করে নির্দেশিকার কথা জানানো হয়েছিলো। সেই অনুযায়ী কোন কোন বিদ্যালয়ে, প্রথম দিন হিসেবে উপস্থিতির হার বেশ খানিকটা কম, তবে বেশিরভাগ বিদ্যালয় গুলিতেই কচিকাচাদের ভিড় চোখে পড়ার মতো। হাই স্কুল এর সাথে অবস্থিত প্রাইমারি স্কুলে অবশ্য ইতিমধ্যেই প্রাথমিক বিভাগ চালু রয়েছে, তবুও আগামী 5 ই মে র পর থেকেও একইভাবে বিদ্যালয় চালু থাকবে সে কথাই অভিভাবকদের জানাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। তবে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্র থাকার কারণে ঘর সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তবে অভিভাবকরা খুশি সরকারি এ ব্যবস্থার ফলে, তারা বলেন বাচ্চাদের দেরি করে ঘুম ভাঙ্গার প্রবণতা বাড়ছিলো ক্রমশঃ সে ক্ষেত্রে এবারে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে শরীর ও মনের বিকাশ ঘটবে। গ্রীষ্মের তীব্র দহন জ্বালার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে তারা। খুদে পড়ুয়ারাও খুব খুশি, সকালে কিছুটা গরম কম থাকার ফলে।

