নদীয়ায় পুলিশি তৎপরতায় বন্ধ করা হলো ১৬ বছরের নাবালিকার বিয়ে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় পুলিশি তৎপরতায় বন্ধ করা হলো ১৬ বছরের নাবালিকার বিয়ে।
বর্তমান সময়ে যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এর পক্ষ থেকে বারবার বেটি পড়াও বেটি বাঁচাও এর মত প্রকল্পেও সূচনা করা হয়েছে সেখানেই রাজ্য এমন কি দেশের বিভিন্ন প্রান্তে এখনো নাবালিকার বিয়ে দিয়ে দেওয়ার মত ঘটনা ঘটছে। যেখানে মেয়ের বিয়ের বয়স ১৮ বছর ধার্য করা হয়েছে এবং মেয়েদের শিক্ষিত করে তুলতে সরকার থেকে বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করা হয়েছে। সেরকম সময় দাঁড়িয়েই আবারো ১৬ বছরের এক নাবালিকার বিয়ে দিয়ে দেওয়ার মত ঘটনা ঘটলো নদীয়ার নবদ্বীপে। খবর পেয়ে তৎপরতার সাথে বিয়ে রুখে দিল নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই এলাকারই নবম শ্রেণীর ছাত্রী ১৬ বছরের এক মেয়ের সাথে বিয়ে ঠিক করা হয় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত ছাতনি এলাকার বছর ৩৫ এর এক যুবকের সাথে। নবদ্বীপের একটি মন্দিরে তাদের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা যায় ঘটনাটি স্থানীয় কাউন্সিলরের কানে আসতেই তিনি বিয়ে বন্ধ করার পরামর্শ দেন, এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ এবং পুলিশ এসে নাবালিকার বাবার কাছ থেকে একটি মুচুলেখা লিখিয়ে অবশেষে এই বিয়ে বন্ধ করলো। গোটা ঘটনায় স্থানীয় কাউন্সিলর ও নবদ্বীপ থানার পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।