সমাজ মাধ্যমে মেয়েদের অশ্লীল ছবি ও লেখা
নিজস্ব সংবাদ,শিমুরালি: মেয়ে এবং ছেলের ছবি দেওয়া রয়েছে। তার সঙ্গে বেশ কিছু আপত্তিকর লেখা রয়েছে। আবার একটি ছবিতে মেয়ের মুখের ছবি রয়েছে। তার সঙ্গে অন্য কোন মেয়ের দেহের অশ্লীল ছবি যুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবেই মেয়েদের সন্মানহানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সমাজ মাধ্যমে চাকদহ ব্লকের চান্দুরিয়া এক গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়েদের অশ্লীল ছবি এবং আপত্তিকর লেখা ছাড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মেয়েদের কয়েকজন এব্যাপারে চাকদহ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। পরদিন তারা কল্যানী সাইবার থানায় লিখিতভাবে একই অভিযোগ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এক বছর থেকে সমাজ মাধ্যমে এই নোংরা কাজ চলছে। মাঝে কিছুদিন এসব ছবি ছাড়া বন্ধ ছিল। কয়েকদিন থেকে আবার সেই কাজ শুরু হয়েছে। এবার আরো বেশি পরিমানে এই নোংরা কাজ হয়ে চলেছে বলে মেয়েদের পরিবারের লোকজন জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী এলাকায় ১৫ জনের বেশি মেয়ে এই নোংরা পোস্টের শিকার হয়েছে। এদের প্রায় সকলেই অবিবাহিত বলেও জানা গিয়েছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন,কোন ভাবে মেয়েদের ছবি জোগাড় করে এই পোস্ট করা হচ্ছে। প্রথমে তারা অন্যের মুখে তাদের ছবি দিয়ে অশ্লীল লেখা ছেড়ে দেওয়া হয়েছে বলে জানতে পারে। পরে নিজেরাও ফেসবুকের মাধ্যমে ঘটনার সত্যতা জানতে পারে। কিছুদিন থেকে অশ্লীল ছবিও প্রকাশ করা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
মেয়েদের কয়েকজন জানিয়েছে,এই ঘটনায় আমাদের সন্মানহানি করা হচ্ছে। মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। যে বা যারা এধরনের ঘটনার সঙ্গে যুক্ত,তাদের চিহ্নিত করে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাকদহ থানা এবং কল্যানী সাইবার থানায় অভিযোগ জানিয়েছি।
চাকদহ থাকা এবং কল্যানী সাইবার থানা সুত্রে জানানো হয়েছে, এব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

