মলয় দে নদীয়া:- নানা ধরনের বহু প্রাচীন রীতি-নীতিতে পরিপূর্ণ হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে মানা হয়, ভাগ্যবান ভক্তের বোঝা ভগবানই বয়! কিন্তু স্বয়ং ভগবান মর্ত্যে আসেন ভক্তের শ্রাদ্ধ করতে। শুনতে অবাক লাগলেও, এমনই মনে করেন অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের ভক্তরা। পূর্ব বর্ধমানের অন্যতম প্রাচীন শহর অগ্রদ্বীপ। গঙ্গার তীরে গড়ে ওঠা অগ্রবর্তী গ্রাম হিসেবেই এই নামকরণ। এখানেই রয়েছে ৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দির। চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয়। কারও কারও মতে দর্শনার্থীর সংখ্যা ৫-৬ লক্ষও ছাড়িয়ে যায়। এবছর সংখ্যাটা সম্ভাবত তার থেকেও বেশি হয়ছে।এই মেলার সাথে জড়িয়ে প্রাচীন এক রোমহর্ষক কাহিনী। অধিকাংশ মেলা কোনও পুজো পার্বণকে ঘিরে অনুষ্ঠিত হলেও, গোপীনাথের মেলা তাদের সবার থেকে আলাদা। লোকমতে, এই মেলার আয়োজন করা হয় শ্রাদ্ধ দিবস উপলক্ষ্যে।

