মলয় দে নদীয়া:- ইস্টার্ন রেলওয়ে ব্যাণ্ডেল-কাটোয়া শাখা সংগ্রামী হকার্স ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে নবদ্বীপে পথসভা করা হল। রেলবিক্রির বিরুদ্ধে, রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে, রেল হকারদের ওপর রেল পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে অসংখ্য হকার্স প্রতিবাদ সভায় যোগদান করেন।
সংগঠনের পক্ষ থেকে জানা যায় কেন্দ্রের মোদী তথা বিজেপি সরকারের আনা নয়া কৃষিবিল, বিদ্যুত বিল ও শ্রমিক বিরোধী শ্রম আইন বাতিলের দাবীতে দিল্লিতে দশমাস থেকে কৃষক আন্দোলন চলছে। মোদী সরকার কৃষকদের ওপর অকথ্য অত্যচার চালাচ্ছে। অন্যদিকে কৃষক সংগঠনগুলি দেশের সর্বস্তরের মানুষকে সংগঠিত করে আরো শক্তিশালী হয়ে অন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহন করেছে। তাই আগামী ২৭ শে সেপ্টেম্বর তাঁরা দেশ জুড়ে ধর্মঘট এর ডাক দিয়েছে। আর এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে দেশের সকল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ভারত বন্ধকে সমর্থন করে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া রেলস্টেশনে এ আই সি সি টি ইউ (AICCTU) অনুমোদিত ইস্টার্ন রেলওয়ে ব্যান্ডেল কাটোয়া শাখা সংগ্রামী হকার ইউনিয়ন এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে। আজকের এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন, হকার ইউনিয়নের সভাপতি সি পি আই এম এল এর নবদ্বীপ শাখার সম্পাদক পরিক্ষিৎ পাল, এ আই সি সি টি ইউ র নেতা অশোক চৌধরী, গনেশ দেবনাথ, নারান দেবনাথ, তপন ভট্টচার্য্য ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

