নদীয়ার শান্তিপুরে আবারো ভ্যাকসিন বিক্ষোভ!

 

মলয় দে নদীয়া:- আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে মেঘা ভ্যাকসিন এর পর শান্তিপুরে ভ্যাকসিনের বিক্ষোভ প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলো। জেলা স্বাস্থ্য দপ্তর অনুমোদন অনুযায়ী প্রতিদিনই শান্তিপুর পৌরসভা থেকে ভ্যাকসিন নিতে আগ্রহীদের কুপন বিতরণ হয়, সেই কুপন নিয়ে শান্তিপুরের চারটি সেন্টার থেকে ভ্যাকসিন প্রাপ্ত হয় সাধারণ মানুষ। আজ সকালে হঠাৎই পাঁচ শতাধিক গ্রাম এবং শহরের মানুষ এসে ভিড় করে পৌরসভায়। পুরসভা সূত্রে জানা যায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট এবং ভোট সম্পর্কিত কার্যকলাপে জড়িত থাকা ব্যক্তিদের জন্য বেশকিছু কুপন প্রদান করা হয়।
দ্বিতীয় ডোজের অপেক্ষায় লাইনে দাঁড়ানো বাকিরা বিক্ষোভ শুরু করে, ঘটনাস্থলে শান্তিপুর থানার প্রশাসন এসে নিয়ন্ত্রণে আনে গোটা বিষয়টি। এ বিষয়ে বিক্ষোভকারীদের মত, শান্তিপুর হাসপাতাল থেকে বলা হচ্ছে পৌরসভার কুপন লাগবে, পৌরসভায় যদি তা না পাওয়া যায় দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। উপ নির্বাচনের আগে 100% ভ্যাকসিন কিভাবে সম্ভব হবে তাহলে?
শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ এ বিষয়ে জানান, শহরের কুপন দেওয়ার পরেও বেঁচে যাওয়া কুপন ব্লকের মানুষদের দেওয়া হয়। কিন্তু আজ সিপিএম এবং বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মানুষকে ভুল পথে পরিচালিত করে পৌরসভার দুর্নামের জন্য। জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমতিক্রমে তাদের আগামীকালকে টিকা নেওয়ার সুবিধার জন্য আজকে সকলকে কুপন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।