মলয় দে, নদিয়া:-গতকাল মাঝেরচড়ায় জলসা থেকে ফেরার পথে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্ত কে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম জাহিদ শেখ ও নূর হাসান শেখ। প্রথমজনের বাড়ি মহিশুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়, দ্বিতীয় জনের বাড়ি নাদনঘাট থানার সমুদ্রগড় পারুলডাঙ্গা এলাকায়। বছর ১৫ নাবালিকা কে ধর্ষণের অভিযোগে ওই দুই যুবককে সোমবার গভীর রাতে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে দুই অভিযুক্তের বিরুদ্ধে 363, 376 বি 325 ও পকসো আইনে 6 ধারায় মামলা রুজু করে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছিলো গত 12 ই সেপ্টেম্বর রবিবার গভীর রাতে নবদ্বীপ ব্লকের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝেরচর এলাকায়। নির্যাতিতার পরিবার সোমবার সকালে নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত জাহিদ শেখ সহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। নবদ্বীপ থানার পুলিশ তদন্তে নেমে প্রথমজনকে পূর্ব বর্ধমানের নাদানঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় ও দ্বিতীয় জনকে নবদ্বীপ ব্লকের মহিশুরা এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। অপর অজ্ঞাত পরিচয় অভিযুক্ত পলাতক বলে জানায় পুলিশ। বর্তমানে নির্যাতিতা নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, নাদন ঘাট থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই নাবালিকা গত রবিবার নবদ্বীপ ব্লকের মহিশুরা মাঝেরচর এলাকায় এসেছিলেন এক আত্মীয়র বাড়ি বেড়াতে, সেখানেই রাতে একটি জলসার আসর বসে আত্মীয়দের সঙ্গে জলসা দেখতে চলে যান, রাত আনুমানিক 11 টা নাগাদ জলসা থেকে বাড়ি ফেরার পথে মূল অভিযুক্ত জাহিদ শেখসহ অভিযুক্ত ওই নাবালিকাকে জোরপূর্বক মোটরবাইকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে থেকে নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে এলাকাবাসী। পাশাপাশি খবর দেওয়া হয় নাদন ঘাট থানায়। এলাকার বাসিন্দারা ওই নাবালিকার পরিবারকে খবর দেয়। তাঁরা এসে নাবালিকাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সোমবার সকালে নাবালিকার পরিবার তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। নবদ্বীপ থানার পুলিশ তদন্তে নেমেই ওই দিন রাতেই মূল অভিযুক্ত দুজনকে ধরে নবদ্বীপ থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁদের কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠানো হয়।

