মলয় দে নদীয়া:-
শান্তিপুরের দূর্গা পূজা উপলক্ষে শান্তিপুরের প্রায় শতাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে শান্তিপুর থানায় প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার বিকেল চারটের সময় শান্তিপুর থানায় এই বৈঠকের আয়োজন করা হয়।এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন, রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার সায়ক দাস। এসডিপিও প্রবীর মন্ডল, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ সহ ভারপ্রাপ্ত একাধিক পুলিশ আধিকারিক। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। এদিন প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে শান্তিপুরের সমস্ত পূজো বারোয়ারী কমিটি গুলিকে করোনার বিধিনিষেধের কথা জানালেন প্রশাসনিক কর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের মতোই এবছর করোনার বিধি-নিষেধ মেনেই পালিত হবে দূর্গা উৎসব। প্রত্যেক পুজো উদ্যোক্তাদের খোলা প্যান্ডেলের নির্দেশ দেওয়া হয় মন্ডপ চত্বরে স্যানিটাইজার ও মাক্স বাধ্যতামূলক। যারা প্রতিমা দর্শন করতে আসবেন তাদের প্রত্যেককেই স্যানিটাইজার এবং মাক্স বিতরণ করতে হবে। পুজো কে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা যাবে না, প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্র একাধিক বিধিনিষেধ জারি করল প্রশাসন। প্রতিমা নিরঞ্জনের সময় চার থেকে পাঁচ জনের অধিক কাউকে নিয়ে যাওয়া যাবে না। অতিরিক্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও প্রশাসনিক বৈঠকের শেষে পুজো উদ্যোক্তারাও একমত হন। প্রত্যেকেই প্রশাসনের নির্দেশকে মান্যতা দেবে বলেই জানান।

