মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া কলোনির আনুমানিক 50 টি পরিবার দীর্ঘ তিন মাস যাবত জলমগ্ন অবস্থায়। স্থানীয় মেম্বার গোপাল মজুমদারকে এ বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর। বর্ষার শুরু থেকে জমা জলের মধ্যে দিয়েই তাদের নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম করতে পাড়ার দোকান, বাজার রেশন হাট ব্যাংক সবেতেই যেতে হয়। দীর্ঘদিনের আবদ্ধ পচা জল পেরিয়ে, নিয়মিত যাওয়া-আসা করার ফলে অনেকেরই পায়ে হাজা চুলকানি নানান চর্মরোগ দেখা দিচ্ছে। ওই এলাকায় বেশ কয়েকটি ধান সেদ্ধ শুকনো করার বেশ কয়েকটি কারখানা আছে আর সেখানে পচা দুর্গন্ধযুক্ত এবং কেমিকেল যুক্ত জল ওভারফ্লো হয়ে রাস্তা বাড়ির উঠোন এমনকি ঘরের মধ্যে পর্যন্ত! সাপ এবং অন্যান্য বিষাক্ত কীট পতঙ্গের দংশনের কারণে, ঘরে খাটের উপর শিশু এবং বৃদ্ধদের নিরাপদে রাখার চেষ্টা করেছে পরিবার। এলাকাবাসীর দাবি, যদি পঞ্চায়েতের তরফ থেকে পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হতো, তাহলেও সাময়িক মুক্তি পাওয়া যেতো। এ প্রসঙ্গে গোপাল মজুমদার জানান পঞ্চায়েতের মাধ্যমে ভিডিও সাথে কথা বলা হয়েছে, এবছর বৃষ্টির পরিমাণ বেশি তাই এই সমস্যা। হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার জানান, জল বের করার কোনো উপায় পাওয়া যায়নি, তবে জল ফেলার জায়গা বিষয়ে এলাকাবাসী সহযোগিতা করলে, বিডি ওকে বলে পাম্পের ব্যবস্থা করার চেষ্টা করছি।

