মলয় দে নদীয়া:- 1988 সাল থেকে আজকের দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়ে আসছে সারা বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ পর্যন্ত বিশ্বের ৩.৭৭ কোটি জনগণ এইডসে আক্রান্ত। তবে ১৯৮৪ সালে এই ভাইরাস প্রথম প্রকাশ্যে আসার পর নানা তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটেছে, কিন্তু ২০২০-র জন্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো যায়নি বলে মত প্রকাশ করেছে হু। হু জানায় যে, মানবাধিকারের ‘বিভাজন, বৈষম্য ও উপেক্ষা’ এমন কিছু বড়সড় ব্যর্থতা, যা এইচআইভিকে বিশ্বের স্বাস্থ্য সমস্যা হিসেবে বজায় থাকার ইন্ধন জোগাচ্ছে। কোভিড-১৯ এই পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে। যার ফলে এইডস আক্রান্ত ব্যক্তিরা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। সে কারণেও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন, আসাননগর মদনমোহন তর্কালঙ্কার মহাবিদ্যালয়েরর অধ্যক্ষ অশোক কুমার দাস। আর সেই কারণেই ছাত্রছাত্রীদের মাঝে এক আলোচনা সভা আয়োজন করেন আজ। শিক্ষাবিজ্ঞানের অধ্যাপক অনিরুদ্ধ সাহা এবং অন্যান্য অধ্যাপকদের আলোচনায় উঠে আসে নানান সচেতনতামূলক এবং কুসংস্কার বিরোধী নানা তথ্য। কলেজ প্রাঙ্গণ থেকে আসাননগর বাজার পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার পথ একটি সচেতনতার মিছিল করা হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে।

