শব্দদূষণের বিরুদ্ধে লিফলেট বিলি ও পথসভা – যুক্তিবাদী সমিতির

 

মলয় দে নদীয়া:- ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র নবদ্বীপ শাখার পক্ষ থেকে দীর্ঘদিন থেকে চলছে নবদ্বীপ শহর জুড়ে শব্দবাজিসহ সমস্ত বাজির বিরুদ্ধে পোস্টারিং কর্মসূচি এবং উচ্চস্বরে ডিজে ও মাইক বাজানের বিরুদ্ধে পথসভা ও লিফলেট বিলি। আসন্ন কালীপুজো এবং রাস উৎসবের কাঠামো পুজো উপলক্ষে চলবে শব্দবাজির প্রতিযোগিতা ও উচ্চস্বরে ডিজে মাইকের তাণ্ডব। এতে জনস্বাস্থ্য বিঘ্নিত হবে ও পরিবেশ দূষণ বাড়বে। তাই আজ দ্বিতীয়বার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার পক্ষ থেকে দূষণ রুখতে নবদ্বীপ থানায় ডেপুটেশন দেওয়া হয়।
মুষ্টিমেয় বিবেকবোধহীন ও দায়িত্বজ্ঞানহীন বেশ মানুষ বয়স্ক, শিশু ও অসুস্থ মানুষের সুবিধে-অসুবিধের বিন্দুমাত্র তোয়াক্কা না করে চরম স্বার্থপরের মতো আমোদে মাতবে, আইন-কানুন খড়কুটোর মতো জলে ভাসিয়ে দেবে, এবং প্রশাসনের প্রতি একটুও শ্রদ্ধা প্রদর্শন করবে না । বিগত বছর ধরে পুজোর মরশুমে এই শব্দ-যন্ত্রণা নবদ্বীপবাসীর আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নবদ্বীপের ভুক্তভোগী অধিবাসীরা এর সুরাহা চায়।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, ” শব্দবাজির কারখানা চালু রেখে দূষণকে রোখা যাবে না। দূষণ রুখতে হলে সরকারকে শব্দবাজির উৎপাদন যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা নিতে হবে। দূষণ প্রতিরোধে সরকার ও দূষণ পর্ষদ কার্যকরী কোনো ব্যবস্থা নেয় না। দূষণ প্রতিরোধে স্থানীয় প্রশাসনকেও কার্যকরী ভূমিকা নিতে দেখা যায় না। সাধারণ মানুষকেও দূষণ সম্পর্কে সচেতন হতে হবে। নচেৎ দূষণমুক্ত সুস্থ সমাজ গঠন অসম্ভব।”
পথচলতি মানুষরা দীর্ঘক্ষণ ধরে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বক্তব্য শোনেন। নবদ্বীপে উৎসবের মরসুমে শব্দবাজি ও মাইকের আওয়াজে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এসব বন্ধ হওয়া দরকার। দূষণের কারনে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কমছে, রোগব্যাধি বাড়ছে। পথে নেমে দূষণের ভয়াবহতা বিষয়ে মানুষকে সচেতন করার জন্য যুক্তিবাদী সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন নবদ্বীপের পথচলতি মানুষেরা।