মলয় দে নদীয়া:- উৎসব বছরের মধ্যেই পড়েছে এবার নদীয়ার শান্তিপুরের উপভোট। ভোট গণনার একদিন পরেই কালিপুজো, এরপরে জগদ্ধাত্রী পুজো এবং জগদ্বিখ্যাত রাস। যদিও শান্তিপুরের প্রশাসন এবার কালীপুজোর অনেক আগেই উৎসবের উন্মাদনার রাস টানতে বেশ কয়েকটি বিধি নিষেধের কথা পুজো কমিটি গুলোকে জানিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম হল, এবার বিসর্জনের শোভাযাত্রা করা যাবে না। এমনকি প্রতিমা বিসর্জন করতে গেলেও ব্যবহার করা যাবে না কোন বাদ্যযন্ত্র।করোনা বিধি কঠোরভাবে পালন করতে হবে। যদিও শান্তিপুর আগাগোড়াই উৎসবমুখর শহর বলে পরিচিত। সেক্ষেত্রে এবার কি উৎসবমুখর শান্তিপুরের মানুষ নিজেদের উৎসবে সেইভাবে মেতে উঠতে পারবেন না, উঠেছে তেমনই প্রশ্ন। নির্বাচনের আগে এ বিষয়ে চার রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু সকলেই উৎসবের পক্ষে মত দিয়েছেন। সকলেই বলছেন,করোনা বিধি সতর্কভাবে মেনেই মানুষকে উৎসবমুখি হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। নির্বাচনে জিতে আসার পর তারা সেই চেষ্টাই করবেন বলে জানিয়েছেন।

