মলয় দে নদীয়া:- রৌদ্রোজ্জ্বল পরিবেশ এবং নির্মল আকাশ দেখে অনেকেই মনে করছেন হয়তো বর্ষা বিদায় নিয়েছে! কিন্তু যাওয়ার
সময় হয়ে গেলেও স্মরণীয় করে রেখে যেতে পারে এবারের বর্ষা। আবহাওয়া সূত্রে জানা যায় উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আগামী ২৪ ঘন্টায় উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলের দিয়ে স্থলে প্রবেশ করবে। এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এর সাথে যুক্ত থাকবে মৌসুমী অক্ষরেখা।
এই নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে ২৪শে জুলাই পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এইসমস্ত জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে।
নিম্নচাপের দরুন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় ৩০ – ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ ২২শে জুলাই থেকে সাগর উত্তাল হতে শুরু করবে। তবে জলোচ্ছাসের বিশেষ সতর্কতা নেই।
২৭শে জুলাইয়ের আশেপাশে বঙ্গোপসাগরে পরবর্তী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেঙ্গল ওয়েদার লাইভ সূত্রে এমনটাই জানাগেছে।

