কল্যাণীতে সরকারি হাসপাতালে দুই ভুয়ো মহিলা চিকিৎসকের হদিশ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী, সুবীর দাস

কল্যাণীতে সরকারি হাসপাতালে দুই ভুয়ো মহিলা চিকিৎসকের হদিশ

কল্যাণীতে সরকারি হাসপাতালে ফের দুই ভুয়ো মহিলা চিকিৎসকের হদিশ মিললো। ঘটনাটি নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ হাসপাতালের ভেতরেই দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাঁরা চিকিৎসা সংক্রান্ত কাজ করছিলেন ক্যাম্পাসের ভেতরেই। দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। তৎক্ষণাৎ তাঁদেরকে জিজ্ঞাসা করা হয় তাঁরা কারা? তাঁদের পরিচয় কি? দুবার দুরকম উত্তর আসে ওই দুজনের কাছ থেকে। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়। তাঁদের সার্টিফিকেট দেখতে চাওয়া হয়। রেজিস্ট্রেশন নম্বর জানতে চাওয়া হয়। দুবার দুরকম রেজিস্ট্রেশন নম্বর বলাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদেরকে আটকে রাখে খবর দেয় কল্যাণী থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। এরপর জানা যায়, একজন বন্দনা সেনগুপ্ত কলকাতার বাসিন্দা। তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিচ্ছেন। অপরজন
জয়তী দাস হুগলির বাসিন্দা তিনি এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। এরপর সন্দেহভাজন ওই দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁরা এই হাসপাতালের কেউ নয়। তাঁদের নামে কোনও রেজিস্ট্রেশন নেই বা খাতায় তাঁদের নামও নেই। এরপর পুলিশ তাঁদের নিয়ে যায় কল্যাণী থানায়। আজ শুক্রবার তাঁদেরকে পাঠানো হয় কল্যাণী আদালতে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে হাসপাতালে। আতঙ্কিত চিকিৎসা করাতে আসা রোগীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা।