পৌরসভার তৈরি বুস্টিং পাম্পের তালা ভেঙে দুষ্কৃতী তাণ্ডব, ভেঙে ফেলা হয় পাম্পের যন্ত্রাংশ, ঘটনায় জল কষ্টে পৌরসভার একাধিক ওয়ার্ড
এবার প্রখর দাবদাহে নাগরিকদের পানীয় জল সরবরাহে আঘাত হানলো একদল দুষ্কৃতী। গভীর রাতে নদীয়ার শান্তিপুর বাইগাছি পাড়ার বুস্টিং পাম্পের তালা ভেঙে সেখানে চেয়ার, পাম্পের যন্ত্রাংশ ভেঙে অকেজো করে ফেলে রেখে চলে যায় কিছু দুষ্কৃতী, এমনটাই অভিযোগ এলাকাবাসীর । যদিও এই পাম্পের ওপর নির্ভরশীল বেশ কয়েকটি ওয়ার্ড। এবার ওই পাম্প এর যন্ত্রাংশ ভেঙে ফেলায় চরম দুর্ভোগের শিকার একাধিক ওয়ার্ডের সাধারণ মানুষ। তীব্র গরমে জলকষ্টের সমুখীন হয়ে তারা রীতি মতো ক্ষুব্ধ। যদিও এই ঘটনা সামনে আসার পরই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এবং কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করে, এর সাথে কারা যুক্ত সেই ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, মানুষের পরিষেবাই বিঘ্ন ঘটানোর জন্য দুষ্কৃতীরা চক্রান্ত করে এই কাজ করেছে, পৌরসভা এর কড়া পদক্ষেপ নিতে চলেছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি ঘটনার উদঘাটন হবে, সেই আশা রাখছি। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট

