কংক্রিটের ঢালাই পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করলেই বেরিয়ে আসছে ইট!নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ভবন নির্মাণের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী,চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
হরিশ্চন্দ্রপুর, ২০ আগস্ট : সরকারি সিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে স্কুলের নতুন ভবন।স্কুলের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলে সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দকৃত প্রায় ৬০ লক্ষ টাকায় তিন তলা ভবন নির্মাণে কাজ চলছে।৫ টি অতিরিক্ত ক্লাসরুম ও একটি ডাইনিং রুমের কাজ চলছে।আর এই ভবন নির্মাণ নিয়ে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।তাঁদের অভিযোগ,সিডিউল না মেনেই নিম্নমানের সামগ্রী দিয়ে এই ভবন তৈরি করা হচ্ছে।কংক্রিটের পিলারের ভিতরে ইট ঢুকিয়ে বাইরে থেকে সিমেন্ট ও বালি দিয়ে প্লাস্টার করে দিয়েছে।হাতুরি মারতেই বেরিয়ে আসছে ইট।আয়রনযুক্ত বালি দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে।বেশিরভাগ ইট ২ নম্বর।তিন তলা ভবন নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার আগেই বিম বাঁকা হয়ে গিয়েছে।দুই তলা ভবনের ছাদ চুঁয়ে জল পড়ছে।ঢালাই পিলারের পরিবর্তে কয়েকটি ইঁটের পিলার দিয়েছে।কয়েক বছরের মধ্যেই ভবনটি ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়ে কোন ফল হয়নি।তাই বাধ্য হয়ে গ্রামবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন।

