আইপিএলে ব্যাটিংয়ে দেড় কোটি টাকা দেনা ইঞ্জিনিয়ারের আত্মঘাতী স্ত্রী আইপিএলের মরশুম চলছে

আইপিএলে ব্যাটিংয়ে দেড় কোটি টাকা দেনা ইঞ্জিনিয়ারের আত্মঘাতী স্ত্রী আইপিএলের মরশুম চলছে। এই সময় ক্রিকেট বেটিং চক্রে জড়িয়ে পড়লেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। নাম দর্শন বালু। জানা গিয়েছে, বেটিংয়ে লাগাতার টাকা লাগিয়ে দেড় কোটি টাকার দেনা হয় তাঁর। এই ঘটনায় আত্মঘাতী হলেন ওই যুবকের স্ত্রী। মৃতার নাম রঞ্জিতা (২৪)। পুলিস জানিয়েছে, দর্শনবাবু কর্নাটকের চিত্রদূর্গের বাসিন্দা। সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত। এই ঘটনায় ইতিমধ্যেই রঞ্জিতাদেবীর বাবা ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, অল্প সময়ে প্রচুর টাকা রোজগারের লোভ দেখিয়ে দর্শনকে জুয়া খেলায় অভ্যস্ত করেছিল অভিযুক্তরা। প্রথমে তারাই নাকি দর্শনকে টাকা দিত বলেও অভিযোগ। এরপর অল্প সময়ে বড়লোক হওয়ার নেশায় নিয়মিত অনলাইন ক্রিকেট বেটিং চক্রে টাকা ঢালতে শুরু করেন দর্শন। কিন্তু কোনওবারই জিততে পারেননি। জেতার আশায় আরও টাকা ঢালতে শুরু করেন। শেষে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে বিরাট টাকার দেনা হয়ে যায় তাঁর। সেই দেনার পরিমাণ ছাড়িয়ে যায় দেড় কোটি টাকা। এই টাকা ফেরতের দাবিতে পাওনাদাররা লাগাতার তাঁকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। তাঁর বাড়ি বয়ে এসে প্রায়ই রোজই অপমান করছিল ইঞ্জিনিয়ার ও তাঁর পরিবারকে। সেই চাপ নিতে না পেরে ২ বছরের সন্তানকে রেখেই আত্মঘাতী হলেন ওই ইঞ্জিনিয়ারের স্ত্রী। মিলেছে সুইসাইড নোটও। ঘটনাটি জানিয়ে পরে পুলিসে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। ইতিমধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। সূত্রের খবর ধৃতরা হল শিবু, গিরীশ এবং ভেঙ্কটেশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে জানিয়েছেন তদন্তকারীরা।