শাহ বললেন, ‘বাম্পার’! ইভিএম ছুড়ে দিলেন বৃদ্ধ! নানা ঘটনায় কেমন গেল দেশের প্রথম দফার ভোট? বিক্ষিপ্ত কিছু অশান্তি, গন্ডগোল এবং রাজনৈতিক সংঘর্ষের কথা বাদ রাখলে ‘ভাল’ কিছু দৃশ্যই চোখে পড়েছে প্রথম দফার নির্বাচনে। যেমন, নৈনিতালে দেখা গেল বিয়ের পোশাকেই ভোট দিতে এসেছেন নবদম্পতি।
২১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে প্রথম দফায় লোকসভা ভোট হল শুক্রবার। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন বলল, মোটের উপর শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু ভোট হয়েছে। তবে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটেছে। প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গ এবং মণিপুরের কিছু জায়গা থেকে গন্ডগোলের খবর মিলেছে। তার মধ্যে ‘অন্যতম’ আবারও কোচবিহারের শীতলখুচি। ২০২১ সালের বিধানসভা ভোটে শীতলখুচির ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চলার ঘটনায় প্রাণ যায় চার গ্রামবাসীর। আঙুল ওঠে বুথে দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের দিকে। এ বার তাই শীতলখুচি নিয়ে বিশেষ সাবধানি ছিল কমিশন। তবুও অশান্তি এড়ানো গেল না। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের শীতলখুচিতে ভোটারদের ভয় দেখিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। মণিপুরের থামানপোকপির একটি বুথের সামনে ‘অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী’দের বিরুদ্ধে উঠল গুলি চালানোর অভিযোগও। যদিও তার পরেও মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় বাংলার তিন লোকসভা আসনেই গড় ভোট পড়েছে ৭৭.৫ শতাংশ। সারা দেশের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে ত্রিপুরায় (৭৯.৯০ শতাংশ) আর মণিপুর রাজ্যে ভোট পড়েছে ৬৮.৬২ শতাংশ। শতাংশের বিচারে প্রথম দফায় সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে। মাত্র ৪৭.৪৯ শতাংশ।বিক্ষিপ্ত কিছু অশান্তি, গন্ডগোল এবং রাজনৈতিক সংঘর্ষের কথা বাদ রাখলে ‘ভাল’ কিছু দৃশ্যও চোখে পড়েছে প্রথম দফার নির্বাচনে। যেমন, উত্তরাখণ্ডের নৈনিতালের একটি বুথে দেখা গেল বিয়ের পোশাকেই ভোট দিতে এসেছেন নবদম্পতি। গায়ত্রী চন্দোল নামে নববধূ জানান, গত রাতেই বিয়ে হয়েছে তাঁর। শ্বশুরবাড়িতে এসেই সকাল সকাল স্বামীকে নিয়ে এসেছেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। শুধু উত্তরাখণ্ডই নয়, আরও কয়েকটি জায়গায় নবদম্পতিদের ভোটকেন্দ্রে আসার ছবি দেখা গিয়েছে।

