এবার সাইকেল চালিয়ে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। এবার এই বার্তায় সামনে রেখে সাইকেল চালিয়ে শনিবার অভিনব ভাবে ভোট প্রচারে নামলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন তিনি শান্তিপুর বিধানসভা এলাকায় সাইকেল চালিয়ে অভিনব ভাবে প্রচার শুরু করেন। সাথে ছিলেন কয়েকশো কর্মী সমর্থক। ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, আমি গ্রামের ছেলে। মাঠে যেমন লাঙ্গল চালাতে পারি, চাষও করতে পারি। আবার সঠিক সময়ে কলমও চালাতে পারি। আজ দীর্ঘদিনের পুরনো অভ্যাসকে একটু শান দেওয়ার জন্য সাইকেল চালিয়ে প্রচার করলাম। এতে করে একদিকে যেমন দূষণ মুক্ত হচ্ছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকার এক অন্য উপায়। তবে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভোট প্রচার করেন প্রার্থী জগন্নাথ সরকার। এরপর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভা এলাকায় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি। সেখানেই লোকসভা নির্বাচনের নিরিখে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বেশ খানিকটা সময় বক্তব্য রাখেন জগন্নাথ সরকার। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট

