এবার রাজনীতির আঙ্গিনায় টেনিস তারকা সানিয়া মির্জা এবার কি রাজনীতির কোর্টে দেখা যাবে টেনিস তারকা সানিয়া মির্জাকে? শোনা যাচ্ছে, কংগ্রেসের টিকিটে হায়দরাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
সম্প্রতি চারটি রাজ্যে লোকসভার প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিটি। গোয়া, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, দমন ও দিউয়ের ১৮টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সূত্রে খবর, এই বৈঠকেই উঠে এসেছে সানিয়ার নাম। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন নাকি তাঁর নাম প্রস্তাব করেছিলেন কমিটির কাছে। আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসাদউদ্দিনের সঙ্গে চারহাত এক হয়েছে সানিয়ার বোন আনম মির্জার। আজহারউদ্দিন গত বছর তেলেঙ্গানার বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন। যদিও বিআরএস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। তাঁর প্রস্তাবনাতেই সানিয়ার নাম নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে হাত শিবির। টেনিস তারকার জনপ্রিয়তা ও ভাবমূর্তিকে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে উদ্যোগী কংগ্রেস। তেলেঙ্গানার বেশ কয়েকটি আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও হায়দরাবাদের নাম নেই। এই আসনে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে চায় কংগ্রেস। সেই সূত্রে ভাবা হচ্ছে সানিয়ার নাম। দক্ষিণ ভারত এমনিতেই হাত শিবিরের শক্তিশালী ঘাঁটি। কিন্তু ১৯৮০ সালে কে এস নারায়ণের পর আর হায়দরাবাদ আসনে জয়ের মুখ দেখেনি কংগ্রেস। ১৯৮৪ সালে সেখানে জয়ী হয়েছিলেন সুলতান সালাউদ্দিন ওয়াইসি। তারপর থেকে সেখানে ওয়াইসিরাই জিতে আসছেন। গতবার সেখানে জিতেছিলেন এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়াইসি। এই আবহে আপাত দুর্বল গড়ে সানিয়া মির্জাকে প্রার্থী করে কংগ্রেস চমক দেয় কি না, অপেক্ষায় রাজনৈতিক মহল।

