মৌমিতা দেবনাথ,
সৌদি আরবে আয়োজিত এশিয়ান গেমসে ডাক পেল নদীয়ার ছেলে দিব্যজিৎ
এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলার নদীয়ার ছেলে প্রতিনিধিত্ব করতে চলেছে। সৌদি আরবে আয়োজিত এশিয়ান গেমসে ডাক পেল নদীয়ার কৃষ্ণনগরের ২৩ বছরের যুবক দিব্যজিত দাস। জাতীয় স্তরের প্রতিযোগিতায় তিনটি ইভেন্টের তিনটিতেই সে সোনা জিতেছে। ছোট থেকেই যোগাসনের প্রতি অভূতপূর্ব টান। জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সে ইতিমধ্যেই দুর্দান্ত সাফল্য এনে সকলকে গর্বিত করেছে। এই মুহূর্তে দিব্যজিৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক পাস করেছে এবং রাজস্থানের একটি ইনস্টিটিউট থেকে যোগাসনে এমএ করছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলার ছেলে প্রতিনিধিত্ব করবে যা অত্যন্ত গর্বিত করেছে তার পরিবারসহ এলাকাবাসীকে। আগামী দিনে এশিয়ান গেমসকে লক্ষ্য রেখেই ভবিষ্যতে এগিয়ে যেতে চায় দিব্যজিত। তার এই সাফল্যে খুশি পরিবারসহ পাড়া-প্রতিবেশীরা।

