কিছুদিন আগেই মন্ত্রীপদ খুইয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এরপর থেকেই বাবুলের রাজনৈতিক অবস্থানকে ঘিরে জল্পনা তৈরি হয়। এরই মাঝে আগুনে ঘি ঢালল বাবুল সুপ্রিয়র করা একটি ফেসবুক পোস্ট। ঠিক কী লিখেছেন বাবুল ওই পোস্টে?
এদিন ফেসবুকে নিজের একাউন্টে একটি ভিডিও পোস্ট করে বাবুল লেখেন,”বেশ কিছুদিন ধরেই আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে আমার গান নিয়ে কোনও পোস্ট করলেই আপনারা অকুন্ঠ ভালোবাসা প্রকাশ করছেন। গুটি কয়েক নেগেটিভ কমেন্ট বাদ দিলে, বাকি সবই অত্যন্ত সুন্দর সব লেখা। কখনও আনমনে বসে যখন ভাবছি, তখন কোথাও যেন মনে হচ্ছে কমেন্টগুলি ‘দলমত নির্বিষেশে’ গায়ক বাবুলকে লেখা। কিছু নাম চিনতে পারছি যারা হয়তো অন্য সময়ে আমার রাজনৈতিক পোস্টগুলোতে আমাকে তীব্র আক্রমণ করেন বা কটু ভাষা লেখেন কিন্তু এখন সম্পর্ণ অন্যরকম লাগছে সেই একই মানুষগুলোর লেখা। বলছেন রাজনীতি ছেড়ে দিতে!! কথা গুলো গভীরভাবে ভাবাচ্ছে আমাকে। রাজনীতিতে কিছু পাওয়ার আশায় বা ‘পাওয়ার’-এর আশায় তো আসিনি।”

