স্বাস্থ্যকর্মী হিসেবে সামাজিক স্বীকৃতি প্রধান সহ ১৫ দফা দাবিতে সারা রাজ্যের মত নদীয়াতেও বিক্ষোভ আশা কর্মীদের

মলয় দে নদীয়া :- করোনা পরবর্তী সময় থেকে একাধিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে রাজ্যের আশা কর্মীরা। অভিযোগ, কর্ম ক্ষেত্রে দীর্ঘ বঞ্চনা ও স্বল্প মজুরি সহ বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও অনেক সময় হেনস্থা, নিপীড়নের ঘটনাও ঘটে। সরকারি কর্মীর স্বীকৃতি সহ মাসিক ২১ হাজার টাকা বেতনের দাবি সহ একাধিক দাবিতে বিভিন্ন জেলার স্বাস্থ আধিকারিক এর কাছে ডেপুটেশন, বিক্ষোভ সংঘটিত করেছিলো।
যা তাদের কথা অনুযায়ী এখনো পর্যন্ত বিবেচনা করা হয়নি সরকারি তরফে।
তবে এবার স্বাস্থ্যকর্মী হিসেবে সামাজিক স্বীকৃতি দাবি তুলেছে তারা। সাথে ভাতা বৃদ্ধি সহ পনের দফা দাবি।
বকেয়া সমস্ত প্রাপ্য মেটানোর দাবিও তুলেছেন তারা। তারা বলেন করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছেন তার পুরস্কার স্বরূপ সরকার কর্তৃপক্ষ ঘোষণা করেছিল এক লক্ষ টাকা বীমার , কিন্তু তাও মেলেনি তাদের। বরং মেলা খেলা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে তাদের বিনা পারিশ্রমিককে যেতে বাধ্য করা হয়। এমনকি ন্যূনতম সময় না দিয়েই তাৎক্ষণিকভাবে কিছু কাজের রিপোর্ট জমা দিতে বলা হয়, ঘরে বাইরে এভাবে চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও বকেয়া না পেয়ে আজ তারা বিক্ষোভ দেখায় নদীয়ার কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে। ডেপুটেশন দেয় সি এম ও এইচ কে। তবে তারা বলেন আগামী দিনে তারা আরো সঙ্ঘবদ্ধ হয়ে জোরালো আন্দোলন গড়ে তুলবেন।