মৌমিতা দেবনাথ,
স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের
২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একই দিনে হওয়ার কারণে বহু জায়গাতেই দেখতে পাওয়া গেছে সমস্যা। কোন স্কুলে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে আবার কোন স্কুল পালিত হয়েছে সরস্বতী পুজো। আর স্কুলের সরস্বতী পুজো না হওয়ায় দুই শিক্ষককে তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভে নামলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে,খাতড়ার দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামবাসীদের অভিযোগ শিক্ষকরা প্রজাতন্ত্র দিবস পালন করে বাড়ি চলে গেছেন। শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও করা হয়নি সরস্বতী পুজো। জানা গেছে, দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে চার জন শিক্ষক শিক্ষিকা আছেন। এর মধ্যে প্রধান শিক্ষক ও এক সহ শিক্ষিকা সহ দুজন ছুটিতে আছেন। গ্রামবাসীদের দাবি ঘটনাস্থলে জেলাশাসক না আসা পর্যন্ত শিক্ষকদের স্কুলের ভিতরে তালা বন্ধ করে রাখবেন। এই ঘটনার খবর পেয়ে ওই স্কুলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

