সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে কোভিডের বুস্টার ডোজ প্রদান। পাশাপাশি চলছে ১৫ থেকে ১৮ বছরের ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের প্রথম ডোজ ও সাধারণ মানুষের দ্বিতীয় ডোজ। রাজ্যের অন্যান্য স্থানের মতো নদিয়ার কল্যাণীতেও চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। আর এই তিনে মিলে চরম অব্যবস্থার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ভ্যাকসিন নিতে আসা মানুষের মুখে মাস্ক থাকলেও নেই স্যানিটাইজেশনের ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বিধির মান্যতা।
কল্যাণীতে ভ্যাকসিনেশনের কাজ চলছে ফ্যামিলিয়ান ওয়েলফেয়ারে চলা ভ্যাকসিনেশনে মানুষের ঢল নেমেছে গোটা এলাকায়। এখানে অনলাইন ও অফলাইন দুরকম ভাবেই কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব বিধি শিকেয় উঠেছে। নেই কোনও সচেতনতার ছবি। যদিও এবিষয়ে নোডাল অফিসার ডক্টর অয়ন ঘোষ দাবি করেছেন কোভিডের সমস্ত বিধিনিষেধ মেনেই কাজ চলছে। তিনি আরও বলেন, এখানে আসা সবাইকেই ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু সিএন-এর ক্যামেরায় ধরা পড়া ছবি বলছে অন্য কথা।

