হরিশ্চন্দ্রপুর,১২ সেপ্টেম্বর:
রাজ্য সরকারের নির্দেশিকা কে বুড়ো আঙুল দেখিয়ে সিডিউল ছাড়াই চলছিল রাস্তা ঢালাই এর কাজ।নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব গ্রামবাসী।
কাজ আটকে বিক্ষোভ।ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কুইলপাড়া গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।এরপর সিডিউল মেনেই কাজ করার আশ্বাস ঠিকাদারের।জানা গিয়েছে,পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের পথ শ্রী প্রকল্পের অন্তর্গত জেলা পরিষদের ৩৩ লক্ষ ১৭ হাজার ৯৩২ টাকা বরাদ্দে ৮৭০ মিটার রাস্তা ঢালাই এর কাজ শুরু হয়েছে কুইলপাড়া গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,সিডিউল ছাড়াই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাই এর কাজ করছেন ঠিকাদার।গ্রামবাসী ঠিকাদারের কাছে সিডিউল দেখতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে কোনোরকমে কাজ করে বেরিয়ে যেতে চাইছেন।একদিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা অপরদিক দিয়ে শুরু হয়েছে ফাটল।রাস্তায় যানবাহন চলাচল শুরু হলেই অল্পদিনের মধ্যেই ভেঙে পড়বে রাস্তা
বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা।তবে রাস্তা ফেটে যাওয়ার অভিযোগটি
স্বীকার করে নিয়েছেন ঠিকাদারের ছেলে।গ্রামবাসীদের আরো অভিযোগ,
রাস্তাটি ১২ ফিট চওড়া ও ৫ ফিট পুরু হওয়ার কথা থাকলে সেইভাবে কাজ করছেন না ঠিকাদার।কোনো জায়গায় ৯ ফিট আবার কোনো জায়গায় ১০ ফিট চওড়া করেছেন।পুরু ৪ ফিটের বেশি করছেন না।এইভাবে রাস্তাটি তৈরি হয়ে
থাকলে বছর খানেকের মধ্যেই ভেঙে পড়বে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঠিকাদারদের ছেলে গ্রামবাসীকে সিডিউল না দেখালেও পুলিশকে দেখাতে বাধ্য হন।
গ্রামবাসী ও ঠিকাদারের ছেলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করিয়ে সিডিউল মেনেই কাজ করার নির্দেশ দেন পুলিশ।

