গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে সাপের আতঙ্ক কারণ যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কালাচ সাপ। আতঙ্ক এতোটাই বেড়ে গেছে যে রাতে দু চোখের পাতা এক করতে পারছেন না কেউ। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে এই বুঝি সাপ কামড়াবে। চাকদহ তাতলা এক নং মশরা নবপল্লী গ্রামে ইতিমধ্যেই সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। গোটা গ্রাম ছেয়ে গেছে জঙ্গলে কিন্তু জঙ্গল পরিষ্কার করার জন্য প্রশাসনের তরফে কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি। মঙ্গলবার চাকদা ধনিচা হাই স্কুলের ছাত্র-ছাত্রী সহ প্রধান শিক্ষক গ্রাম পরিদর্শনে বেরিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন , উপস্থিত ছিলেন চাকদা বিজ্ঞান মঞ্চের সম্পাদক বিবর্তন ভট্টাচার্য।
গ্রামবাসীদের অভিযোগ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে কালাচ সাপ। সাপের ভয় তারা দিনে দুপুরেও মশারি টানিয়ে ঘুমাচ্ছেন। এ বিষয়ে ধনিচা হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পার্থ প্রতিম দত্ত বলেন যে ছেলে মেয়েরা আমাদের সন্তান সম এলাকার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত তাই এলাকায় কোন দুর্ঘটনা ঘটলেই আমরা ঝাঁপিয়ে পড়ি।
গোটা গ্রামে চারিদিকে যেভাবে জঙ্গল বেড়ে উঠেছে তাতে সাপের সাথে বেড়েছে ডেঙ্গুর উপদ্রব। বাসিন্দাদের দাবি প্রশাসনের তরফে এর সঠিক ব্যবস্থা নেওয়া হোক।

