সমুদ্র সৈকতে ভেসে উঠল জীবন্ত ডলফিন, যা দেখতে উপচে পড়ল ভিড়

মৌমিতা দেবনাথ
ডলফিন সাধারণত গভীর সমুদ্রে দেখতে পাওয়া যায় কিন্তু এবার ডলফিন ভেসে উঠলো সমুদ্র সৈকতে তাও জীবন্ত। তবে এবার আর দীঘা নয় বরং মন্দারমনি সমুদ্র সৈকতে দেখতে পাওয়া গেল এই জীবন্ত ডলফিন। জানা গেছে বৃহস্পতিবার সকালে মন্দারমণির সমুদ্র সৈকত থেকে সামান্য দূরে একটি ডলফিনকে আহত অবস্থায় ভাসতে দেখেন মৎস্যজীবীরা । কাছে এসে তারা খতিয়ে দেখেন যে ডলফিনটির পাখার কিছুটা অংশ কাটা রয়েছে এবং সামান্য জ্বলে ডলফিনটি ছটফট করছে।মৎস্যজীবী ও স্থানীয়দের ধারনা, সমুদ্রে ট্রলার কিংবা জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মন্দারমণির দিকে ভেসে আসে । এরপরে আহত সেই ডলফিন টিকে ডাঙ্গায় নিয়ে আসেন মৎস্যজীবীরা খবর দেওয়া হয় মন্দারমনি থানা ও বনদপ্তরে।জানা গিয়েছে, এই ডলফিনগুলো সাধারণত গভীর সমুদ্রে থাকে । মৎস্যজীবীদের দাবি, জাহাজ বা ট্রলারের গায়ে ধাক্কা লেগে সম্ভবত আহত হয়ে যায় এই ডলফিনটি। আর এই খবর ছড়িয়ে পড়তেই সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন দেখতে জমে যায় মানুষের ভিড়। আপাতত ডলফিনটি চিকিৎসাধীন অবস্থায় আছে।