সমগ্র নবদ্বীপে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি মাত্র দুইজন কিন্তু তবুও হাসপাতাল এবং পৌরসভা অতন্দ্র প্রহরী

মলয় দে নদীয়া:- সারা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও উল্টো চিত্র উঠে এল নদিয়ার নবদ্বীপ পৌর এলাকায়। সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত এলাকায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে জেলা জুড়ে একাধিক পঞ্চায়েত ও পৌর এলাকায় ডেঙ্গু সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পেলেও সম্পূর্ণ উল্টো চিত্র ধরা পরল নবদ্বীপ পৌরসভায় এলাকায়। পৌরসভার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত নবদ্বীপ পৌর এলাকায় ডেঙ্গু সংক্রমিত ব্যক্তির সংখ্যা মাত্র নয় জন। এদের মধ্যে সাত জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্ত নয়জনের মধ্যে তিনজন বাইরে থেকে অসুস্থ অবস্থায় নবদ্বীপে এসেছিলেন। তবে এইদিন নবদ্বীপ পৌর এলাকায় নতুন করে সংক্রমিত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি বলে জানান পৌরসভার স্বাস্থ্য আধিকারিক তাপস কুমার খাঁ।
নবদ্বীপ পৌরসভার পৌরপতির নির্দেশে প্রতিদিন শহরের ২৪ টি ওয়ার্ডে নর্দমার জমা জল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এলাকায় ক্ষতিকারক পতঙ্গ বা মশার লার্ভা নষ্ট করতে ওষুধ স্প্রে করা থেকে শুরু করে অবাঞ্চিত আবর্জনা সাফ করার কাজ পুরোদমে চলছে বলে জানান নবদ্বীপ পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল।
এই প্রসঙ্গে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা বলেন, শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণু মুক্ত রাখতে পৌরসভার সাফাই কর্মীরা নিয়মিত শহরের প্রতিটি ওয়ার্ডে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেন। এছাড়াও শহর জুড়ে প্রতিদিন কীটনাশক জাতীয় ওষুধ স্প্রে করা হয় পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ করতে পৌরসভার অন্তর্গত প্রতিটি সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে গুলিতে ইতিমধ্যেই বিদ্যালয় ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ লিখিত আকারে পাঠানো হয়েছে পৌরসভা থেকে।