শাসক শিবিরে শুরু হল পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই প্রক্রিয়া

মৌমিতা দেবনাথ
বেজে উঠেছে পঞ্চায়েত ভোটের সাইরেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রচারকার্য। তবে এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক হয়নি পঞ্চায়েত ভোটের। কিন্তু শুরু হয়ে গেছে তৃণমূলের তরফে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই প্রক্রিয়া। জানা যাচ্ছে দিদির দুতদের পাঠানো রিপোর্ট দিয়ে কাঁটা ছেড়া শুরু হয়েছে দলের অন্দরে। শুধু তাই নয় সেই রিপোর্টের সাথে আইপ্যাক প্রতিনিধিদের দেওয়া রিপোর্ট নিয়েও পর্যালোচনা শুরু করেছে তৃণমূল। কানাঘুশো জল্পনা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেই নাকি এই প্রক্রিয়া কার্য চলছে। এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি চূড়ান্ত করা হবে প্রার্থীর নাম। ইতিমধ্যেই আবাস দুর্নীতি সহ চাকরি নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। মানুষের সাথে জনসংযোগ বাড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্ম সূচি। তবে সেখানেও স্বস্তি নেই দিদির সুরক্ষা কবজ নিয়ে মানুষের দুয়ারে পৌঁছাতেই দিদির দূতেদের পড়তে হচ্ছে জনতার বিক্ষোভের মুখে। দলের অন্দরের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত-দিন এক করে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন । তবে প্রার্থী বাছার ক্ষেত্রে আরও একটি দিক দেখা হচ্ছে যে দলের মধ্যে সেই প্রার্থীর গ্রহণযোগ্যতা ঠিক কতখানি। এখন কবে সেই সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশিত হবে তা আসন্ন সময়ে বোঝা যাবে।