নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর,দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। সংস্কার করা তো দূরের কথা বহুবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনরকম সুরাহা। তাই এক প্রকার বাধ্য হয়ে এবার পথে বিক্ষোভে নামল স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি রাস্তা সংস্কার যদি না করা হয় তবে ভোট বয়কট করা হবে। ঘটনাটি খানাকুলের চক্রপুর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ চক্রপুর থেকে হিরাপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবত ভগ্ন অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে বারংবার প্রশাসনকে জানানো হয়েছে। রাস্তা খানা খন্দে ভরা অথচ এই একটি মাত্র রাস্তার উপর ভরসা করেই আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। বিপদ-আপদে রাত বিরেতে তাই ঘুর পথে মানুষকে যাতায়াত করতে হয়। শুধু তাই নয় হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে ভিন পথে তাদেরকে হাসপাতালে যেতে হয়। এ বিষয়ে বহুবার প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কোন ফল পাওয়া যায়নি। তাই এবার ভোট বয়কটের ডাক দিল বাসিন্দারা।

