রানাঘাটে ব্যস্ততম বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

রানাঘাটে ব্যস্ততম বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

মলয় দে নদীয়া:- চাকদহ ভয়াবহ অগ্নিকাণ্ডের এক মাসের মধ্যে পুনরায় আবার রানাঘাটে অগ্নিকাণ্ড। আজ দুপুরে রানাঘাটে ব্যস্ততম সেন মার্কেটে ভয়াবহ আগুন লাগে। আগুনের গ্রাসে জুতোর গোডাউন, জামা কাপড় সহ একাধিক দোকান। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য নদীয়ার রানাঘাটের পৌরসভা সংলগ্ন সেন মার্কেটে। জানা যায় রানাঘাটের পৌরসভার সংলগ্ন হোসেন মার্কেট সকাল থেকে হাজার হাজার ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে। বৃহস্পতিবার হঠাৎ একটি জুতার কারখানায় আগুন লাগে বলে জানা যায়। সেই আগুন নিমেষেই বড় আকার ধারণ করে পাশের দুই-তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এরপর এই উত্তেজনার সৃষ্টি হয় গোটা বাজার জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। প্রাথমিকভাবে রানাঘাট পৌরসভা এবং স্থানীয় মানুষ ও দমকলের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে আরও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল কর্মী এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ লক্ষ টাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এর ফলেই এই আগুন লেগে থাকতে পারে। তবে কি কারনে এই আগুন আর এই ঘটনার জেরে নগদ কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা পরবর্তীকালে তদন্ত করে জানা যাবে বলেই জানা গেছে প্রশাসনিক সূত্রে।