যাদবপুর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় উঠে এসেছে রেগিং এর অভিযোগ। যাদবপুরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই রেগিংয়ের রোগ সেখানে বহু দিনের পুরনো। যাদবপুর ক্যাম্পাস রীতিমতো নেশার আখড়ায় পরিণত হয়ে উঠেছে। ক্যাম্পাস চত্বরে যত্রতত্র পাওয়া গেছে মদের বোতল। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দায়িত্বভার নিয়ে ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে সাফাই অভিযানে জোর দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। প্রায় এক মাস পর সাফাই কর্মীরা ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করতে যান। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল ও নেশার সামগ্রী। রাস্তার ধার থেকে খেলার মাঠ সমস্ত জায়গায় উদ্ধার হয়েছে মদের বোতল এমনটাই জানিয়েছে সাফাই কর্মীরা। উল্লেখ্য যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বর্তমান ও প্রাক্তনী সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে পুরো দমে চলছে তদন্ত প্রক্রিয়া। ইতিমধ্যেই ক্যাম্পাস চত্বরে সিসিটিভি বসানোর দাবি উঠেছে এমনকি প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হোস্টেলে রাখার ব্যবস্থাও করা হয়েছে।

