মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীন মালিক পক্ষ ও শ্রমিকের অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি অমরপুর চা বাগান। কালী পুজোর আগে কাজ হারালেন তিনশো ষাটজন শ্রমিক বলে দাবি। মঙ্গলবার বাগান বন্ধের নোটিশ টাঙিয়ে বাগান ছেড়ে চলে গেলেন কর্তৃপক্ষ। এরপরেই শ্রমিকরা বাগানের গেটে বিক্ষোভে সামিল হলেন। কয়েকদিন থেকে অমরপুর চা বাগানে সরকারের ঘোষিত ২৩২টাকা মজুরি দেওয়ার দাবিতে শ্রমিক ও শ্রমিক নেতারা বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। চলছিল গেট মিটিং। কিন্তু মালিকপক্ষ কোন আলোচনা না করে এ দিন হঠাৎ করে বাগান বন্ধের নোটিশ গেটে টাঙিয়ে বাগান ছাড়লেন বলে অভিযোগ শ্রমিকদের। এ দিন সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন বাগানের গেটে নোটিশ ঝুলছে। বাগানের শ্রমিক সন্ধ্যা রায় বলেন,” আমরা সরকারের ঘোষিত ২৩২ টাকা মজুরির দাবি তুলেছি। আজকে দেখলাম বাগান বন্ধ। না খেয়ে মরতে হবে এখন। চার পাঁচদিন ধরে আন্দোলন চলছিল। আলোচনা না করে বাগানের মালিক পক্ষ চলে গেল।” আরও এক শ্রমিক দুলাল রায় বলেন,অন্য সব বাগানে সরকারের ঘোষিত মজুরি চালু হয়েছে। আমাদের অমরপুর চা বাগানে চালু হয়নি। এই কারণে বিক্ষোভ চলছিল। আজকে বাগান বন্ধ হয়ে গেল।” এদিকে সিপিএমের শ্রমিক নেতা পীযুষ মিশ্র বলেন,” মালিক ও শ্রমিকের সৎভাব সম্পর্ক বজার থাকুক। সরকারের ঘোষিত টাকা দেওয়া হোক শ্রম দফতর ও প্রশাসন বিষয়টি দেখুক। কেউ জীবীকা হারাবে না। মালিকের বদল হলেও শ্রমিকের বদল হয় না।” এদিকে বাগান ছেড়ে চলে যাওয়ার পর মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।

