মালদা: মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষের সমর্থনে মহদীপুর অঞ্চল জুড়ে অনুষ্ঠিত হল এক নির্বাচনী মিছিল। বুধবার মহদীপুর অঞ্চলের খিড়কি এলাকা থেকে এই নির্বাচনী মিছিল শুরু হয় গোটা মহদীপুর অঞ্চল পরিক্রমা করে। কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক অংশ নিয়েছিল মিছিলে। মিছিলে অংশ নিয়েছিলেন মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির প্রার্থী মারুফ শেখ, জগন্নাথ ঘোষ সহ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য প্রার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুমলা আগরওয়াল, মহদীপুর অঞ্চল তৃণমূল সভাপতি প্রশান্ত ঘোষ সহ জেলা ও অঞ্চল নেতৃত্ব। মিছিল শেষে মহদীপুর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক পথসভাও। এই বিষয় মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত ঘোষ জানান, নির্বাচন এসেছে বলে বিরোধীদের ঘুম ভেঙেছে। এতদিন এলাকায় তাদের দেখা যায়নি। মানুষকে বোকা বানিয়ে লাভ নেই এবার মানুষ তৃণমূলের পাশে আছে। তার জবাব দিবে ভোট বাক্সে।

