ভর সন্ধ্যাবেলায়, গেটের তালা ভেঙে আলমারির লকার ভেঙে আশি গ্রাম সোনা নগদ বারো হাজার টাকা নিয়ে চম্পট

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর পূর্ব মহাশ্যপাড়ায় গতকাল ভর সন্ধ্যায় এক গৃহস্থ পরিবারের সদস্যদের কিছুক্ষণ সময় না থাকার সুবাদে , লোহার গেটের তালা ভেঙে, লকার থেকে চুরি গেল ৮০ গ্রাম সোনা সহ নগদ ১২ হাজার টাকা।
পরিবার প্রধান নাড়ুগোপাল দাসের গোবিন্দপুর বাজারে সোনার দোকান, তবে ব্যবসায়িক সোনা বাড়িতে থাকে না বলেই জানিয়েছেন তিনি। মেয়ে এবং স্ত্রীর সোনা গয়না এবং সংসার খরচ বাবদ ১২০০০ টাকা লকারে ছিলো। গতকাল সন্ধ্যায় তিনি সাড়ে ছটা নাগাদ দোকানে ছিলেন, মা স্ত্রী এবং মেয়ে , কিছুক্ষণের জন্য তালা মেরে পাশের পাড়ায় নাড়ুগোপাল বাবুর জ্যাঠামশাইয়ের মারা যাওয়ার পর ধর্মীয় বিভিন্ন উপাচারের কারণে গিয়েছিলেন সেখানে। দু’ঘণ্টা বাদে ফিরে এসে দেখেন দরজা খোলা ঘরে, জুতো পড়া কাদা পায়ের ছাপ, আলমারির লকার ভাঙ্গা। ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড, পাশের ঘরেও আলমারি খুলে সমস্ত লন্ডভন্ড করেছে চোর। পরিবারের ফোনে জানতে পেরে, দোকান থেকে এসে শান্তিপুর থানায় ফোন করেন। পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে গেছে ঘটনাটি। তবে কাছাকাছি সিসি ক্যামেরার না থাকার কারণে, এবং নির্দিষ্ট সন্দেহভাজন ব্যক্তির নাম বলতে না পারায়, তদন্তের কাজ কঠিন হবে বলেই অনুমান প্রশাসনের।
গ্রামের মেম্বার সুমিতা সাহার স্বামী গৌতম সাহা, বলেন এলাকায় একের পর এক চুরির কারণে চিন্তিত সকলেই। প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা, ক্ষণিকের জন্য বাড়িতে না থাকার সুযোগের সোনা গহনা খোওয়া যাচ্ছে একের পর এক গৃহস্থ বাড়ি এমনকি মন্দিরেরও। তবে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন বাড়তি নজরদারির জন্য। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীও। পরিবারের পক্ষ থেকে ভেঙে পড়েছেন, আনুমানিক চার-পাঁচ লক্ষ টাকার গহনা চুরির কারনে।