বাইক আরোহীকে হেনস্থার অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে, রাস্তা আটকে প্রতিবাদ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বাইক আরোহীকে হেনস্থার অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে, রাস্তা আটকে প্রতিবাদ সাধারণ মানুষের।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল বাইক আরোহীকে বেধরক মারধর করার। এই ঘটনার প্রতিবাদে রাস্তা আটক করল সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। বাইক আরোহীর অভিযোগ, মেয়ের স্কুল ইউনিফর্ম কেনার জন্য দুর্গাপুরের বেনাচিতি বাজারে যান মধ্যবয়স্ক উত্তম রুইদাস।
অভিযোগ, বাজারে ঢোকার সময় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির চালক হঠাৎই তাঁর কাছে বাইকের কাগজ দেখতে চায়। উত্তমবাবু প্রয়োজনীয় কাগজ দেখালে পুলিশের গাড়ির সেই চালক আচমকাই ওনাকে তুই-তোকারি করে বলে, ‘৫০০ টাকা দে!’ উত্তমবাবু টাকা দিতে অস্বীকার করলে ওই ড্রাইভার এবং গাড়িতে থাকা এক উর্দিধারী পুলিশকর্মী তাঁকে মারতে শুরু করে। তিনি মোবাইল ফোন বের করে ঘটনা রেকর্ড করতে গেলে তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরপর উত্তম রুইদাসের কাগজপত্র ছিড়ে কুচি কুচি করে দেওয়া হয়, তাকে মারধর করা হয় এমনকি ওই ব্যক্তিকে টেনে হিচড়ে গাড়িতে তোলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনা দেখে ছুটে আসে বাজারের লোকজন, পরিস্থিতি বিপদজনক দেখে, পুলিশের গাড়িটি তখন পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী পথ আটক করে প্রতিবাদ জানাতে শুরু করে। তার অভিযুক্ত পুলিশকর্মী এবং গাড়ি ড্রাইভার এর কঠোর শাস্তির দাবিও তুলেছেন। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর এলাকা জুড়ে।