বাংলাদেশ সীমান্তবর্তী মুরুটিয়ায় ফুটবল ম্যাচের মাধ্যমে জনসংযোগে পুলিশ
মলয় দে নদীয়া:- মুরুটিয়া থানা এলাকার পূর্ব প্রান্তজুড়ে বাংলাদেশ সীমান্ত। সীমান্তের বেশ খানিকটা অঞ্চল বিভিন্ন কারণে দেওয়া যায়নি কাঁটাতার। সেই সুবিধাকে কাজে লাগিয়ে পাচারকারীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল মুরুটিয়া থানা এলাকা। এলাকার বেকার যুবকদের মূলত এই কাজে ব্যবহার করতো চোরা কারবারিরা । পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ধরা পড়েছে এলাকার বেশ কিছু যুবক। আজ সেই মুরুটিয়াতে পুলিশের উদ্যোগে এলাকার যুবকদের পুলিশের সাথে জনসংযোগ বাড়িয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হলো ৮ দলীয় এক দিবসের নকআউট ফুটবল টুর্নামেন্ট। থানা এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি থেকে দুটো করে টিম নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল ম্যাচ, যার পোশাকি নাম কমিউনিটি পুলিশিং। কেন এই ব্যবস্থা? মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ ঘোষ জানাচ্ছেন ” থানা এলাকার যুব সম্প্রদায়কে ভুল বুঝিয়ে প্ররোচিত করে বিভিন্ন অসাধু কাজে যুক্ত করা হয়, তাদের সাথে জনসংযোগ বাড়িয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনায় আমাদের প্রধান লক্ষ্য” ।
পুলিশ ও বিএসএফের বুটের শব্দে যে এলাকা শান্ত থাকে , আজ সেখানেই খেলোয়াড় ও দর্শকের উচ্ছসিত চিৎকারে মুখরিত। ফুটবল ম্যাচে অংশ নেওয়া এক খেলোয়াড় রবিউল আলম জানালেন” এতদিনে বুঝলাম পুলিশ ভয় নয় ভরসার জায়গা” ।

