নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
ফুটবল টুর্নামেন্টের নামে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
সামনেই পঞ্চায়েত ভোট, আর তার ঠিক আগেই রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় আবাস যোজনায় দুর্নীতি এবং কাঠ মানি দুর্নীতি নিয়ে যখন উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নামে জোর করে চাঁদা আদায় করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর যে বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে একটি ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট এবং রক্তদান শিবিরের আয়োজন চলছে। এই টুর্নামেন্ট এবং রক্তদান শিবিরের নাম করে কীর্তিপুরের খরিবাড়ি মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছেন কীর্তিপুর ১ নং অঞ্চলের সভাপতি মান্নান আলী। শুধু তাই নয় টাকা দিতে না চাইলে মারধর এবং খুনের হুমকির অভিযোগ উঠল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এর বিরুদ্ধেই স্থানীয় বাসিন্দারা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি।এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই মান্নান আলী বললেন যে তারা জোর করে কাউকেই চাঁদা ধরেনি, নিজেদের চেনাজানা লোকেদের থেকেই তারা চাঁদা চেয়েছে।ঠিক পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক শিবির।

