প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝগঙ্গায় ঝাঁপ যুবকের

বন্ধুর সাথে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিল জগদ্দল থেকে চন্দননগর এক যুবক। কিন্তু বাড়ি ফেরার পথে বাধে-বিপত্তি। মাঝ গঙ্গায় নৌকাতে থাকার সময় প্রেমিকার সাথে নাকি ঝগড়া হয় যুবকের। আর এর পরই গঙ্গায় ঝাঁপ দেন বছর বাইশের যুবক প্রমোদ চৌধুরী। সাথে থাকা বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খবর দেওয়া হয় পুলিশে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী এসে ডুবুরি নামিয়ে গঙ্গায় তল্লাশি চালালেও এখনো পর্যন্ত নিখোঁজ ওই যুবক। কিন্তু ঠিক কি কারণে প্রেমিকার সাথে ঝগড়া হয়েছিল ওই যুবকের তা এখনো পর্যন্ত জানা যায়নি। যুবকের নিখোঁজ হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।