পুরাতন মালদা, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার গাড়ি চালু করল পুরাতন মালদা পুরসভা। প্রথম পর্যায়ে শনিবার পুরভবনের সামনে এমন ছ’টি গাড়ির উদ্বোধন করেন পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপার্সন বশিষ্ঠ ত্রিবেদী। প্রথমে পুরসভার তিনটি ওয়ার্ডে এই পরিষেবা চালু করা হল বলে জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পুরসভার ২০টি ওয়ার্ডেই এমন গাড়ি চালু করা হবে।
এদিন বশিষ্ঠবাবু জানান, ‘পুর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পুর এলাকার প্রতিটি বাড়িতে আমরা দুটি করে বালতি দিয়েছি। একটি বালতি শুকনো এবং দ্বিতীয় বালতিতে ভেজা আবর্জনা রাখার জন্য। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি থেকে সেই আবর্জনা সংগ্রহ করেন। কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই পুরকর্মীদের ট্রলিতে বাড়ির আবর্জনা ফেলছিলেন না। এবার আমরা প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের জন্য গাড়ি চালু করলাম। পুরকর্মীরা সেই গাড়ি নিয়ে প্রতিটি বাড়ির সামনে হুইসল মারবেন। বাড়ির বর্জ্য সেই গাড়িতেই ফেলতে হবে। একটি গাড়িতে শুকনো এবং আরেকটি গাড়িতে ভিজে আবর্জনা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরকর্মীরা এই পরিষেবা দেবেন। এরপরেও যদি কেউ বাড়ির বর্জ্য গাড়িতে না দিয়ে রাস্তাঘাটে ফেলে রাখেন, তবে তাঁদের জরিমানা করা হবে।

