নদীয়ার বাদকুল্লার পার্থ ইউক্রেনের কিউভিতে কুড়ি কিলোমিটার পথ হেঁটে চলেছে এম্বাসির উদ্দেশ্যে, এ রাজ্যে বসবাসকারী পরিবার যোগাযোগ করতে পারছে না নবান্নর টোল ফ্রি নাম্বারেও
মলয় দে নদীয়া:- নদীয়ার বাদকুল্লার পাটুলিতে বসবাসকারী পার্থ ভৌমিক 5 মাস আগে স্টুডেন্ট ভিসার মাধ্যমে ইউক্রেনে যায়, বিভিন্ন ভাষা এবং কাজের ট্রেনিং নিতে। যদিও এর আগেও একাধিকবার বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা ছিল তার, তবে অভিযুক্ত বিষয়ে ট্রেনিং এবং বিভিন্ন ভাষা শিখতে ইউক্রেন যাত্রা। অত্যন্ত অভাবী পরিবারের পার্থর বাবাও দেশের বাইরে কাজ করেন দীর্ঘদিন। খরচ যোগানোর কারণে ইউক্রেনে পার্থ একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজও করে।
স্ত্রী সোমা ভৌমিক জানান, দুঃসংবাদ শোনার পর থেকে নবান্নর নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পার্থ একা হয়ে পড়েছে, কর্মস্থল ছেড়ে প্রায় কুড়ি কিলোমিটার পথ একাই হেঁটে পৌঁছানোর চেষ্টা করছেন এম্বাসিতে। জল, খাবার আনুষঙ্গিক কিছুই আনতে পারেনি সাথে করে, এমনকি মোবাইলেও খুব বেশি চার্জ না থাকার কারণে সারাদিনে একবার পরিবারে ফোন করে পার্থ জানাচ্ছেন পরিস্থিতির কথা। পার্থর কর্মস্থলে বেশিরভাগ ক্ষেত্রেই সেদেশের কর্মীরা থাকার কারণে, যে যার মত আশ্রয় নিতে সক্ষম হয়েছে। পরিবারের দুশ্চিন্তা সে একা হয়ে পড়েছে, সেদেশের উদ্ধারকারী বা দূতাবাসের কারো সাথে যোগাযোগ করতে পারিনি এখনো।

