মলয় দে নদীয়া :
স্কুল ব্যাগ কাঁধে নিয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল নদীয়ার নাজিরপুরের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আয়ুষ মন্ডল। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না যে। মাঝ রাস্তায় লরির ধাক্কায় অকালে চলে গেল তার প্রাণ। জানা গেছে আজ বৃহস্পতিবার দুপুরে ওই পড়ুয়া নাজিরপুর বিদ্যাপীঠ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু নাজিরপুর চক্ষু হাসপাতালের কাছাকাছি আসা মাত্রই একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় এরপর তাকে নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা আয়ুসকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে তেহট্ট থানার পুলিশ। জানা গেছে মৃত ওই ছাত্রের বাড়ি তেহটটো থানার অন্তর্গত আসতোলনগরে। স্কুল পড়ুয়ার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তবে ঘাতক লরিটিকে আটক করলেও এখনো পর্যন্ত ড্রাইভার পলাতক। আপাতত লরি চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ।

