মলয় দে, নদীয়া:- নদিয়ার করিমপুরে পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে করিমপুর ১ নম্বর ব্লকের হুগোলবেড়িয়া থানার অন্তর্গত মানিকনগর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, ২২ বছর বয়সী মৃত যুবকের নাম অভিজিৎ মন্ডল। আরো জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পাশাপাশি মেয়ের বাড়ির পক্ষ থেকেও অভিজিৎ মন্ডল কে হুমকি দেওয়া হচ্ছিলো। গতকাল রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। এদিন সকালে পরিবারের লোকজন দেখতে পেয়েই তড়িঘড়ি করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর করিমপুর থানা পুলিশ খবর পেয়েই হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মেয়ের বাড়ির বিরুদ্ধে হুগোলবেড়িয়া থানায় অভিযোগ জানানো হয়। তবে এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

