দেবত্ব সম্পত্তি ক্রয় নিয়ে প্রোমোটারদের সাথে অশান্তি এলাকাবাসীর মাথা ফাটল এক যুবকের রক্তাক্ত আরো চার

মলয় দে নদীয়া :-
শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা পাড়ায়, স্থানীয় এলাকাবাসীদের সাথে প্রোমোটারদের অশান্তি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকায় একটি দেবত্ব সম্পত্তি রয়েছে, যা ধর্মীয় কাজে এবং বিদ্যালয় খেলার মাঠ শিশুদের পার্ক এ ধরনের কাজে ব্যবহার হয়ে আসছে। কিন্তু সুপ্রাচীন ওই জমির মালিক পক্ষের কোনো এক অংশীদার প্রোমোটারদের বিক্রি করে দেন। সেখান থেকেই অশান্তির সুত্রপাত। একদিকে প্রোমোটারদের দাবি তাদের কেনা জায়গায় বাধা দিচ্ছে এলাকাবাসী অন্যদিকে এলাকাবাসীর বক্তব্য দেবত্ব সম্পত্তি ক্রয় বিক্রয় হয় না , এলাকার মানুষজনের কথা ভেবে মন্দির খেলার মাঠ এ ধরনের সর্বসাধারণের ব্যবহার্য জায়গা ছেড়ে তারা নির্মাণকার্য চালাক, কারণ কেনার সময় এলাকার মানুষের সঙ্গে কোনো কথাবার্তা বলেনি তারা।
আজ আবারো সকালে ওই স্থানের মন্দির, তুলসী মন্দির, সহ বেশ কিছু নির্মাণ ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠে প্রোমোটারদের বিরুদ্ধে, আর তাতেই এলাকাবাসীর সাথে খন্ড যুদ্ধে মাথা ফাটে কাঞ্চন সরকার নামে এক যুবকের। তাদের দাবি বেশকিছু এলাকাবাসী প্রোমোটারদের আক্রমণে জখম হয়। তারা প্রত্যেকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে কাঞ্চন বাবুর মাথায় গুরুতর আঘাত লাগার ফলে তাকে জেলা হাসপাতালে স্থানান্তরকরণের সিদ্ধান্ত নেয়, শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ।