মলয় দে নদীয়া :- চারিদিকে যখন ভোট গণনার উচ্ছ্বাসে মাতোয়ারা, ঠিক তখনই নদীয়ার শান্তিপুর আরবান্দী দু’নম্বর পঞ্চায়েতের দক্ষিণ চাঁদড়ার ইঁটভাটার শ্রমিকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। জানা যায় ওই শ্রমিকের নাম কালিপদ ওরাং বয়স 32 বছর, বাবার নাম পরশুরাম ওরাং। তিনি স্থানীয় মনিভাটায় দীর্ঘ 15 বছর যাবত চারচাকা ম্যাটাডোর গাড়ি চালানোর কাজ করেন। দুই মেয়ে এক ছেলে, বৃদ্ধ পিতা মাতা নিয়ে সংসার খরচ সমস্ত তার মাথার উপর। সদা হাস্য এই যুবক তার ব্যবহারে সকলের কাছে অত্যন্ত প্রিয়।
অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন , আজও কাজে যান তিনি। প্রথমে নিজের চালানো গাড়িটি, ভাটার মধ্যে থাকা ইলেকট্রিক জল তোলা মটর মেশিন চালিয়ে, পাইপ দিয়ে গাড়ি ধুচ্ছিলেন, হঠাৎই অন্যরা লক্ষ্য করেন তিনি ওই জলের মধ্যে পড়ে ছটফট করছেন। বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে বুঝেই,অন্য সহকর্মীরা কেউ শুকনো কাঠ কেউবা গামছা দিয়ে তাকে উদ্ধার করে, এবং তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে, কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালে, তার অন্যান্য সহকর্মীরা পরিবারের দুই একজন এবং ইঁটভাটার ম্যানেজার উপস্থিত হন। মৃতদেহ ময়না তদন্তের জন্য, পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

