মৌমিতা দেবনাথ,
চিকিৎসা না করেই স্বাস্থ্যসাথীর কার্ড থেকে টাকা গায়েবের অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে
চিকিৎসা না করেই স্বাস্থ্য সাথী কার্ড থেকে উধাও টাকা। কিন্তু কি ভাবে গায়েব হয়ে গেল সরকারি প্রকল্পের টাকা? রোগীর পরিবারের অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাটি,উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার জীবন আলো নার্সিংহোমে।স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার রাবেয়া বিবির স্বামী আইজুল মণ্ডলের অভিযোগ, তার স্ত্রীকে নিয়ে তিনি নার্সিংহোমে যান। এরপর পরীক্ষার জন্য কার্ডটি চেয়ে নেওয়া হয়। তারপর তাদের বলা হয় কার্ডটিতে কিছু সমস্যা রয়েছে। তাকে কার্ডটি নিয়ে বারাসাত জেলা শাসকের কাছে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে অস্ত্রোপচারের নামে আঠেরো হাজার টাকা কার্ড থেকে তুলে নেওয়া হয়েছে। এরপর ওই ব্যক্তি জেলা শাসক দপ্তর বিডিও থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক দপ্তরে যান সমস্যা নিয়ে কিন্তু এই সমস্যার কোনরকম সূরাহা করা হয়নি। ঘটনায় কেটে গিয়েছে এক বছর।বিষয়টি নিয়ে তিনি দুয়ারে সরকারেও আবেদন জানিয়েছেন।কিন্তু নির্বিকার প্রশাসন।

