চাকদহ রামলাল একাডেমি প্রাথমিক বিভাগের পক্ষ থেকে গত 14ই ডিসেম্বর,২০২২ শিক্ষার্থীদের জন্য বনভোজন এর আয়োজন করা হয়েছিল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ রামলাল একাডেমি প্রাথমিক বিভাগের পক্ষ থেকে গত 14ই ডিসেম্বর,২০২২ শিক্ষার্থীদের জন্য বনভোজন এর আয়োজন করা হয়েছিল। কেবল মাত্র চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জন্য ছিল এই বনভোজন। ইতিপূর্বে পড়ুয়াদের অভিভাবকগণ এর সাথে আলোচনা সাপেক্ষে বনভোজনের স্থান, তারিখ নির্দিষ্ট করা হয় এবং অন্যান্য আয়োজন করা হয়। নির্দিষ্ট দিনটিতে পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সাথে পূর্ব নির্ধারিত সময়মত বিদ্যালয়ে উপস্থিত হয়। অতঃপর বনভোজনের জন্য প্রয়োজনীয় সমস্ত আয়োজন সম্পন্ন করে সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং রন্ধন সহায়িকা দের নিয়ে বাস রওনা দেয় রানাঘাট বিনোদিনী পার্ক এর উদ্দেশ্যে। অনেক মজা এবং আনন্দের মধ্যে কেটে যায় চাকদহ থেকে রানাঘাটের দূরত্ব টুকু এবং পড়ুয়াদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা পৌঁছে যান পার্কে। পার্কে ঢুকে শিশুরা পার্কের সুন্দর পরিবেশে খেলার নানান আয়োজনে মগ্ন হয়ে যায়। এর মধ্যেই সময়ানুযায়ী চলতে থাকে শিক্ষার্থীদের মধ্যে প্রাতরাশ বিতরণ এবং মধ্যাহ্ন ভোজনের আয়োজন। এছাড়া,শিশুদের মধ্যে খেলাধুলার নানা প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খেলায়, গানে, হাসি মজায় অত্যন্ত দ্রুত কেটে যায় সময় আর চলে আসে ঘরে ফেরার পালা। মধ্যাহ্ন ভোজনের কিছু সময় পর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা রওনা দেন চাকদহের উদ্দেশ্যে। সমাপন ঘটে একটি অত্যন্ত আনন্দময় দিনের। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মীদের উদ্যোগে, সকল অভিভাবক গণের অকুন্ঠ এবং সার্বিক সহায়তায় এমন একটি আয়োজন সর্বাঙ্গীনভাবে সাফল্যমন্ডিত হয়। এই উদ্যোগের সাথে জড়িত সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।